চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় একটি পোশাক কারখানা আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন হোসাইন কমপ্লেক্সের পঞ্চম তলায় সাজ ফ্যাশনস লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি গাড়ি দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। বেশ কিছু সরঞ্জাম ও কিছু মালামালের ক্ষতি হয়েছে।
তবে তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই ফয়সাল সরোয়ার বলেন, ভবনটির তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত পোশাক কারখানা। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে কারখানার গুদাম।
“শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানায় শ্রমিক ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
