আসামি ধরতে চট্টগ্রামে গিয়ে হামলার মুখে কুমিল্লার পুলিশ
চট্টগ্রামে আসামি ধরতে আসা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের উপর হামলা হয়েছে।
ফাইল ছবি
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে চট্টগ্রাম এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
“এক আসামিকে আটক করার পর বিটাক মোড়ের স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।”
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের দলটির সঙ্গে এক আসামি ছিলেন। বিটাক মোড় থেকে অন্য আসামিকে ধরার পর তাদের উপর হামলা হয়। হামলায় ডিবি পুলিশ বহনকারী মাইক্রোবাসের কাচ ভেঙে যায়।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশের দলটি নগরীতে অবস্থান করা এক আসামিকে গ্রেপ্তার করে বিটাক মোড়ে গিয়েছিল আরেক আসামি ধরতে। সেখানে ওই আসামিকে ধরার পরপরই তাদের ওপর হামলা চালানো হয়।”
“এসময় রফিক ও আজাদ নামের দুই আসামিই পালিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে,” বলেন সিএমপির গোয়েন্দা কর্মকর্তা ওয়ারিশ।
ওসি মোস্তাফিজুর বলেন, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে পাহাড়তলী থানা পুলিশও দুই আসামিকে ধরতে মাঠে নেমেছে।
