হালদা থেকে ফের বিপুল পরিমাণ জাল জব্দ
প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে বৃহস্পতিবার ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌপুলিশ; যেখানে আগের দিন জব্দ করা হয়েছিল ১০ হাজার মিটার জাল।
নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাকৃতিক এ মৎস্য প্রজনন কেন্দ্রে মাছ ধরা বন্ধ করতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিছু স্থানীয় জেলে এ কাজ করে যাচ্ছে।
“বুধ ও বৃহস্পতি- দুদিনেই ২৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। আর গত এক মাসের কম সময়ে হালদায় সব মিলিয়ে অন্তত ৩০ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে।”
চট্টগ্রামের রাউজান, হাটাহাজারী ও ফটিকছড়ি উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হালদাকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার। কিন্তু বহু চেষ্টা করেও হালদায় চোরা শিকারীদের উৎপাত থামানো যাচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, ডিম ছাড়তে মা মাছের আনাগোনা বাড়তে শুরু করলে চোরা শিকারীদের উৎপাতও বাড়ে। তাদের অভিযোগ, টানা অভিযানেও থামছে না শিকারীদের তৎপরতা।
গত ২৬ ফেব্রুয়ারি নদীর কচুখাইন, ছায়ার চর ও মোহনা এলাকা থেকে সাড়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। নৌপুলিশের আরেক অভিযানে ১৩ ফেব্রুয়ারি ২২০০ মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয় মাঝিপাড়া মদুনাঘাট এলাকা থেকে। ১৮ ফেব্রুয়ারি ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে উপজেলা প্রশাসন।
৯ ফেব্রুয়ারি হালদার কচুখাইন অংশ থেকে মোহনা পর্যন্ত অভিযানে ২০টি ফিক্সড ইঞ্জিন ও ৩ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়। একইদিন উপজেলা প্রশাসন ৬০০ মিটার ঘের জালও জব্দ করে।
