২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আড্ডা, পরিচালকসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর একটি মাদক নিরাময় কেন্দ্রে জুয়া খেলার সময় কেন্দ্রের পরিচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 02:10 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ বুধবার রাতে শেরশাহ কলোনির ‘নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে’ অভিযান চালান তারা।

গ্রেপ্তার চারজন হলেন- নিরাময় কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন (৩৭), লুৎফর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মোবারক হোসেন (৩৮)।

অভিযানে জুয়ার বোর্ড থেকে সাড়ে নয় হাজার টাকাও জব্দ করা হয় বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের একটি ভবনে গত কয়েক বছর ধরে ওই মাদক নিরাময় কেন্দ্র পরিচালিত হচ্ছিল। কেন্দ্রের পরিচালক সেখানে নিয়মিত জুয়ার আসন বসাতেন।

“কেন্দ্র পরিচালক মিলনের ধারণা ছিল, মাদক নিরাময় কেন্দ্র হওয়ায় সেখানে পুলিশ কখনও অভিযান চালাবে না।… সেখানে আরও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ চলত বলেও স্থানীয়দের অভিযোগ আছে।”