নির্বাচন আয়োজনে ‘অধিকতর যোগ্য’ বাংলাদেশ: ডিকসন
নির্বাচন আয়োজনে বাংলাদেশ ‘অধিকতর যোগ্য’ মন্তব্য করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য এদেশে একটি ‘বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন চায়।
সোমবার বিকালে বন্দরনগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে জানতে চাইলে ডিকসন বলেন, “নির্বাচনে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বন্ধু হিসেবে বাংলাদেশে মুক্ত ও অবাধ নির্বাচন প্রত্যাশা করি।
“বাংলাদেশ নিজে একটি ভালো নির্বাচন আয়োজনে অধিকতর যোগ্য। বন্ধু হিসেবে আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও মুক্ত নির্বাচন চাই।”
আরেক প্রশ্নে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের নতুন প্রোগ্রাম আছে। কপ-২৬ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু অংশীদারিত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনা করেছেন।
“বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে এই জলবায়ু অংশীদারিত্ব হবে একটি বৃহৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রকল্প।”
ইউক্রেইন যুদ্ধ বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “এটা রাশিয়ার বেআইনী আগ্রাসন। এটি একটি অত্যন্ত ভয়াবহ অপরাধ। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করা উচিত। কোনো অজুহাত না দেখিয়ে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করা উচিত।
“তবে আশাবাদের কথা হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিতে ঐক্যবদ্ধ হয়েছে। যাতে সম্পূর্ণ বেআইনী আগ্রাসনের একটা অর্থনৈতিক মূল্য তাদের চুকাতে হয়।”
অন্য এক প্রশ্নে যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণ পূর্বানুমান আমরা করতে পারি না। যখন একটি যুদ্ধ চলমান তখন এর বিঘ্নকারী প্রভাব অবশ্যই পরবে।
“আমরা হয়ত ধারণা করতে পারি জ্বালানি মূল্য ও ভোগ্যপণ্যের দামে প্রভাব পরবে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পরবে।”
এরআগে সকালে নগরীর বিজয়নগর ও কর্ণফুলী নদীর তীরে মোহরা জেলে পাড়া এলাকায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইউপিসি) প্রকল্প’ পরিদর্শনে যান ডিকসন।
এ প্রকল্পের বিষয়ে বিকালে তিনি বলেন, “জলবায়ু সহিষ্ণু জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে শিক্ষা, অবকাঠামো, ক্ষুদ্র ঋণ, আবাসন নিয়ে কাজ করছি আমরা। এতে নেতৃত্ব তৈরি হচ্ছে।
“নারী ও শিশুরা সহায়তা পাচ্ছে। একসঙ্গে নিজেরা মিলে নিজেদের সমস্যার সমাধান করছে। এতে অল্প সুযোগে তারা কার্যকর উদ্যোগে দক্ষ হয়ে উঠছে, যা আমাকে মুগ্ধ করেছে।”
প্রকল্প এলাকায় জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উদ্বোধন করেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশ, যুক্তরাজ্য ও ইউএনডিপির সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র রেজাউল বলেন, “এই প্রকল্পে সাধারণ মানুষ সন্তুষ্ট। বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এ ধরণের প্রকল্প অব্যাহত থাকলে আমাদের জনগণের জীবনমান উন্নত হবে।”
সকালে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জাতীয় প্রকল্প পরিচালক (এলআইউপিসি) যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী প্রমুখ।
