রাউজানের বাড়িতে তরুণীর লাশ, পাশে ঝুলছিল প্রেমিকের মরদেহ
চট্টগ্রামের রাউজানে এক ঘর থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে, ওই ঘরেই পাওয়া গেছে তার প্রেমিকের ঝুলন্ত মরদেহ।
পুলিশের ধারণা, ২২ বছর বয়সী অন্বেষা চৌধুরীকে খুন করে গলায় ফাঁসি নিয়ে আত্মঘাতী হয়েছেন ২৩ বছর বয়সী জয় মুৎসুদ্দী।
রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান।
স্থানীয়রা জানান, অন্বেষার সাথে জয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আরেকজনের সাথে অন্বেষার বিয়ে ঠিক হয়। আগামী ১০ মার্চ সেই বিয়ে হওয়ার কথা ছিল।
ওসি আব্দুল্লাহ আল হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয় ও অন্বেষার বাড়ি কাছাকাছি এলাকায়। যে ঘরে তাদের লাশ পাওয়া গেছে সেটি জয়ের কাকার ঘর।
“তার কাকার পরিবারের কেউ বাড়িতে না থাকায় সেখানে জয় রাতে ঘুমাতেন। রাতে ফিরতে দেরি হওয়ায় জয়ের পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়েছিলেন। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা অন্বেষার রক্তাক্ত লাশ এবং জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় টিউশনিতে গিয়ে আর বাড়ি ফেরেননি অন্বেষা। তাদের ধারণা, সেখান থেকে জয় অন্বেষাকে ডেকে নিয়ে গিয়েছিলেন ওই ঘরে।
ওসি হারুন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্বেষাকে ফাঁস দিয়ে হত্যার পর গলায় ছুরিকাঘাত করা হয়েছে। পরে ফাঁসিতে ঝুলে নিজেও আত্মহত্যা করেছেন জয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
