চট্টগ্রামে মারামারিতে আহত যুবকের মৃত্যু
চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মো. হায়দার নামের ২৩ বছর বয়সী ওই যুবক শনিবার বিকালে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় মারামারিতে আহত হয়েছিলেন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার ভাই মো. পারভেজ (৩০) একই হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান জানান, ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ওমর ফারুক (২৬), মো. হাসান জিকু (১৮), মো. বাদশা (২৬) ও মো. রনি (২৬)।
ওসি বলেন, “পুরনো বিরোধের জেরে শনিবার বিকালে কালুরঘাট ব্রিজ সংলগ্ন রেল লাইনের কাছে পারভেজ, হায়দারসহ আরও কয়েকজন মিলে অপরপক্ষের ওপর হামলা করতে যায়। এ সময় হায়দার ও পারভেজকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে হাসপাতালে হায়দার মারা যান।”
এ ঘটনায় হায়দারের বড় ভাই জয়নাল আবেদীন ১৪ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় একটি মামলা করেছেন।
হামলার ঘটনার পরপর রাতেই কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও জিকুকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার ভোরে বাদশা ও রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
জয়নালের করা মামলায় বলা হয়েছে, শনিবার বিকালে কালুরঘাট ব্রিজ সংলগ্ন বিলে ঘাস কাটতে যাওয়ার পথে তার ভাই পারভেজকে রেল লাইনের ওপর কুপিয়ে জখম করে আসামিরা।
এক ব্যক্তির মোবাইল থেকে বিষয়টি পারভেজ তার ছোট ভাই হায়দারকে জানালে তিনি তাকে উদ্ধার করতে যান। এ সময় তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে ওসি মঈনুর বলেছেন, “দুই পক্ষই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল এবং মারামারির ঘটনাও ঘটেছিল। শনিবার বিকালে পারভেজ, হায়দারসহ আরও সাত/আটজন মিলে তাদের বিরোধী পক্ষের ওপর হামলা করতে গিয়ে নিজেরা হামলার শিকার হয়।”
