চট্টগ্রামে শনিবার দেওয়া হলো সাড়ে সাত লাখ টিকা
গণটিকা কর্মসূচিতে শনিবার নগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
এ দিন চট্টগ্রামে সাত লাখ ৫৪ হাজার ২৯৪ জনকে টিকা দেওয়া হয় বলে জেলা সিভিল সার্জন ও সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার চট্টগ্রামের ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০০ ইউনিয়নে গণটিকা কার্যক্রম চলে। আমরা এদিন চার লাখ ২৯ হাজার ২৯৪ জনকে টিকা দিয়েছি। অথচ আমাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮০ হাজার জন।”
মহানগরীতে তিন লাখ ২৫ হাজার জনকে এ দিন করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
তিনি বলেন, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। আমরা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি লোককে টিকা দিতে পেরেছি। এদিন মহানগরে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮০ হাজার।”
সরকারের ঘোষণা অনুযায়ী গণটিকা কর্মসূচি আরও দুদিন চলবে।
