দিনের বেলায় ‘রেকি’, রাতে বাইক চুরি
চট্টগ্রাম ও কুমিল্লা থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চক্রটি দিনের বেলায় বন্দরনগরীর বিভিন্ন ভবন ‘রেকি’ করে রাতে মোটরসাইকেল চুরি করত।
পাঁচ মাস আগে একটি মোটর সাইকেল চুরির ভিডিও ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করে পুলিশ। তাদের ধরার পর টানা তিন দিন চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় নয়টি মোটর সাইকেল।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. আলমগীর হোসেন (৩৭), নাহিদুল ইসলাম (২০), মো. মান্নান (৩৫), বাবলু মিয়া (৩৪) ও আব্দুল মালেক ওরফে সোহাগ (২৫)।
শনিবার চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ সাংবাদিকদের জানান, এ চক্রের সঙ্গে ১৫/২০ জন জড়িত আছে। তাদের অনেকে ভুয়া পরিচয়ে চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মোটর সাইকেল চুরি করত। আর কিছু সদস্য সেগুলো চালিয়ে চট্টগ্রামের বাইরে নিয়ে যায়।
“২৩ ফেব্রুয়ারি নগরীর হালিশহর এলাকা আলমগীর ও নাহিদকে গ্রেপ্তার করে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে তিনটি, চৌদ্দগ্রাম থেকে চারটি এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আরেকটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।”
হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সেপ্টম্বরে হালিশহর এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরির ভিডিও ফুটেজ দেখে আলমগীর ও নাহিদকে গ্রেপ্তার করে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
তারা ম্যাক্সিমা (অটোরিকশা) চালকের বেশে হালিশহর মাদার্ঘ্য পাড়ায় বাসা ভাড়া নিয়েছিল জানিয়ে ওসি বলেন, এ চক্রের সদস্যরা অটোরিকশা চালক কিংবা অন্যান্য পরিবহন চালকের বেশে চট্টগ্রামে ঘর ভাড়া নেন। দিনের বেলায় তারা ঘুরে ঘুরে রেকি করেন কোন বাসায় মোটর সাইকেল রাখা হয় এবং কিভাবে সেটি চুরি করা যাবে।
এ চক্রের সদস্যরা নগরীর বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে জানিয়ে ওসি মোস্তাফিজুর বলেন, “চক্রটি মোটর সাইকেল চুরি করে নম্বরপ্লেট খুলে ফেলে এবং ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করে পাল্টে ফেলে। পরে সেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়।
“তাদের মোটর সাইকেল বিক্রির সব টাকা সংগ্রহ করেন নাঙ্গলকোটের মান্নান। পরে সে অন্যদের টাকা বিলিবণ্টন করে।”
মান্নান ছাড়াও এ চক্রের সঙ্গে তার ছেলে মুন্না, শাহাবউদ্দিন ও বাপ্পী নামে আরও কয়েক জনের বিষয়ে পুলিশ তথ্য পেয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর।
