২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ নয়, ইয়াবা ব্যবসায়ী সন্দেহে বিদেশ ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা: পিবিআই 

প্রায় ১৬ মাস আগে চট্টগ্রামের বোয়ালখালীর একটি খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় অপহরণের মামলা করেছিল তার পরিবার। আর তদন্ত শেষে এখন পিবিআই বলছে, অপহরণ নয়, ইয়াবা ব্যবসায়ী সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে মেরেছিল স্থানীয় কয়েকজন যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 02:30 AM

Updated : 02 Aug 2022, 02:58 PM

এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) ও মেহেদী হাসান হিরু (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর রিমান্ডে এনে পিবিআই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি কিছু আলামতও উদ্ধার করে রোববার।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২০ সালের ৫ অক্টোবর বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকায় প্রসন্ন চৌধুরী ব্রিজের নিচ থেকে গলিত একটি লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

অজ্ঞাতনামা হিসেবে এ লাশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় পুলিশ নিশ্চিত হয় লাশটি মো. শাহজাহান আলম ওরফে বালু (৩৮) নামে এক ব্যক্তির। তার বাড়ি বোয়ালখালীর খিভাপচর গ্রামে, যিনি ২০২০ সালের ২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।

পরিদর্শক এনায়েত জানান, লাশ উদ্ধারের দুই দিন পর বালুর ভাই জাহাঙ্গীর আলম পটিয়া থানায় অপহরণ মামলা করেছিলেন। কাউকে আসামি করা না হলেও টাকা পয়সার বিরোধে বালুকে অপহরণ করে খুন করা হয়ে থাকতে পারে সন্দেহ প্রকাশ করেছিলেন।

এ মামলার তদন্ত করতে গিয়ে পটিয়া থানা পুলিশ বালুর দুই ভাবি, তাদের এক জনের ভাই ও স্থানীয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া যায়নি। পিবিআই প্রধান কার্যালয়ের নির্দেশে ২০২১ সালের মার্চে থানা পুলিশ থেকে মামলার তদন্তভার নেন তারা, বলেন এনায়েত।

টানা ১১ মাস তদন্ত করে হত্যার মূল রহস্য উদঘাটন করা হয় বলে দাবি করেন তিনি।

তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি সনাতন পদ্ধতি ব্যবহার করে মামলার তদন্ত শুরু হয় জানিয়ে তিনি বলেন, গত শুক্রবার পটিয়া উপজেলার খান মোহনা এলাকা থেকে সাইফুল ও মেহদীকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়।

 “রোববার তাদের নিয়ে খানমোহনা এলাকার একটি বিলে মহিষ পাহাড়ার জন্য তৈরি করা পরিত্যক্ত ঘর থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ধার করি।”

বোয়ালখালীর খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ  

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পিবিআইয়ের এই তদন্ত কর্মকর্তা বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রাথমিকভাবে ১০ জন জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়।”

১০ জনের মধ্যে একজন বিদেশে চলে গেছেন বলে গ্রেপ্তার দুইজনের বরাত দিয়ে জানান তিনি।

পরিদর্শক এনায়েত বলেন, বালু দীর্ঘদিন ওমানে ছিলেন। সেখান থেকে প্রায় ১২ লাখ টাকা তার ভাবি রহিমা বেগমের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। কিন্তু তার ভাবি সেই টাকা একজনকে ধার দিয়েছিলেন, যিনি ওই টাকা পরিশোধ করতে পারেননি।

২০১৭ সালের শেষ দিকে বালু দেশে এসে ভাবির কাছে টাকা চাইলে তিনি পরিশোধ করতে না পারায় ভাবির সঙ্গে সম্পর্কের অবনতি হয়।

এ সময় বালু মাজারে ঘুরে বেড়ানো শুরু করেছিল জানিয়ে পরিদর্শক এনায়েত কবির বলেন, ঘটনার দিন ২ অক্টোবর ভোর রাতে বালু পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ থেকে রেললাইন ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। 

“এ সময় খানমোহনা এলাকায় ওই পথ ধরে যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণের কাজ করা সুজন ও মহিউদ্দিন নামে দুই ব্যক্তি। তারা বালুকে দেখে প্রথমে ‘মোবাইল চোর’ হিসেবে সন্দেহ করেন। পরে ইয়াবা পাচারকারী সন্দেহে তাকে ধরে নিয়ে যান একটি বিলে মহিষ পাহাড়ার জন্য করা পরিত্যক্ত ঘরে। এরপর সাইফুলকে ফোন করে নাস্তা নিয়ে ওই ঘরে আসতে বলেন। ডেকে নিয়ে যান তাদের সহযোগী আরও কয়েক জনকে ডেকে নিয়ে যায়।”

সেখানে বালুর পেটে ইয়াবা আছে সন্দেহে পিটুনি দেওয়া শুরু করে জানিয়ে পরিদর্শক এনায়েত বলেন, ইয়াবা বের করার জন্য তারা বালুকে কয়েক দফায় পায়খানা করার ওষুধও সেবন করায়। এতে কয়েকবার পায়খানা হলেও কোনো ইয়াবা পায়নি তারা।

“ওষুধ সেবনে কয়েকবার পায়খানা করার একপর্যায়ে বালু দুর্বল হয়ে পানি পান করতে চায়। এসময় তারা তাকে পার্শ্ববর্তী চাঁনখালী নিয়ে যায়। কিন্তু সে পানি পান করতে পারেননি। তারা বালুকে খালে ফেলে দিয়ে উল্লাস করতে করতে নিজ নিজ স্থানে চলে যায়।”

এই পুলিশ কর্মকর্তা জানান, এর তিন দিন পর লাশটি ভেসে বোয়ালখালী উপজেলায় চলে যায়। সেখান থেকে পুলিশ বস্ত্রহীন অবস্থায় গলিত লাশ উদ্ধার করে।