বোয়ালখালীর খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ
চট্টগ্রামের বোয়ালখালীর খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খিতাপচর এলাকায় ছন্দরিয়া খাল থেকে উদ্ধার করা হয়।
আনুমানিক ৪০ বছর বয়সী লাশটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খালটির সাথে কর্ণফুলী নদীর সংযোগ আছে। জোয়ারের পানিতে ভেসে লাশটি খালে এসেছে।
“কয়েকদিন আগে ব্যক্তিটি মারা গেছে বলে অবস্থা দেখে মনে হচ্ছে। শরীরে কোন কাপড় নেই। পানিতে ফুলে পঁচে গেছে লাশটি।”
পরিদর্শক কালাম জানান, খিতাপচর এলাকার ৪০ বছর বয়সী এক ব্যক্তি গত শনিবার থেকে নিখোঁজ আছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথমে পরিবারের পক্ষ থেকে উদ্ধার করা লাশটি তাদের স্বজনের নয় জানালেও পরে বলছে লাশটি তার হতে পারে।
এ জন্য পুলিশের একটি টিম পরিচয় শনাক্তে কাজ করছে। তারা যদি শনাক্ত করতে না পারেন তাহলে লাশের ডিএনএ পরীক্ষা করা হবে।
