২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র এখনও শেষ হয়নি: অনুপম সেন

সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায় মন্তব্য করে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, বাঙালি ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 10:43 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত বিকল্প শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে।

“বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে।”

Image
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে সেক্টর কমান্ডার্স ফোরামের মোমবাতি প্রজ্বালন। ছবি: সুমন বাবু

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে সেক্টর কমান্ডার্স ফোরামের মোমবাতি প্রজ্বালন। ছবি: সুমন বাবু

বাঙালি ও বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আজও বাঙালি ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায়।”

সেক্টর কমান্ডারস ফোরামের জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল।

এতে সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বিশেষ অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাদশা মিয়া ও গৌরী শংকর চৌধুরী প্রমুখ।