সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও
স্কুল-কলেজের পাশাপাশি আরও কিছু বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সংক্রমণ নিম্নমুখী হওয়ায় সরকারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চবিতে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
“এসময় সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে।”
তিনি জানান, ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সভা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
“এছাড়া শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান স্থগিত করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
