২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় আহত চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত চিকিৎসক সামিনা আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 03:48 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সামিনার (৪৫) মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত জানান।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন র‌্যাডিসন ব্লু হোটেলের সামনে অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান ডা. সামিনা।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাতেই তার মাথায় অস্ত্রোপচার হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

তাতেও সামিনাকে বাঁচানো যায়নি জানিয়ে ডা. রাজীব পালিত বলেন, “বৃহস্পতিবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।”

ডা. সামিনা চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন। 

স্বামী, এক মেয়ে আর এক ছেলেকে রেখে গেছেন তিনি।