ফটিকছড়িতে দুই ছাত্রীর মৃত্যু: চাঁদের গাড়ির চালক গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ রবিউল হোসেন জানান।
গ্রেপ্তার মো. আলাউদ্দিনের (৩০) বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণ হাটে।
ওসি রবিউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পরপর আলাউদ্দিন ফটিকছড়ি থেকে পালিয়ে যান। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই সে দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে আসছিল।”
গত ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পাইন্দং হাইতচাকিয়া মোড়ে ধানবোঝাই ওই চাঁদের গাড়ির ধাক্কায় পাইন্দং হাদচাকিয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীর প্রাণ যায়।
স্থানীয়দের অভিযোগ, সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট গাড়িটিকে থামাতে চাইলে চালক তা উপেক্ষা করে দ্রুত পালাতে গিয়ে ওই দুই শিক্ষার্থীকে চাপা দেন।
এরপর স্থানীয়রা সড়ক আটকে বিক্ষোভ দেখায়, পুলিশের একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আল আমিনকে দুর্ঘটনার পরদিন সাময়িক বরখাস্ত এবং পরিদর্শক (টিআই) নিখিল চাকমাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
পাশাপাশি জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
