২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় ২ স্কুলছাত্রীর মৃত্যু: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়িচাপায় দুই স্কুল ছাত্রী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 10:41 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বুধবারের ওই দুর্ঘটনায় সড়কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের দায়ের কথা স্থানীয়দের কথায় উঠে আসার পর এই ব্যবস্থা নেওয়া হল।

স্থানীয়দের অভিযোগ, সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট গাড়িটিকে থামাতে চাইলে এর চালক তা উপেক্ষা করে দ্রুত পালাতে গিয়ে ওই দুই স্কুলছাত্রীকে চাপা দেয়।

ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ রবিউল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ওই ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত এবং পরিদর্শক (টিআই) নিখিল চাকমাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার পাইন্দং হাইতচাকিয়া মোড়ে বুধবার ধানবোঝাই চাঁদের গাড়িটির ধাক্কায় পাইন্দং হাদচাকিয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী নিহত হয়। এরপর স্থানীয়রা সড়ক আটকে বিক্ষোভের সময় পুলিশের উপর ক্ষোভ ঝেড়েছিল।

পুরনো খবর:

পালানোর চেষ্টায় চাঁদের গাড়ি প্রাণ নিল দুই ছাত্রীর