চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিপন্ন প্রজাতির’ রাজ গোখরা উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে ‘বিপন্ন প্রজাতির’ একটি বিষধর রাজ গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার শহীদ শেখ কামাল জিমনেশিয়ামের পাশের এলাকা থেকে ১২ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয় বলে জানান সহকারী প্রক্টর মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “খবর পেয়ে আমরা সাপটি উদ্ধার করি, সাপটি প্রায় ১২ ফুট লম্বা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগেও এই প্রজাতির সাপ পাওয়া গিয়েছে।
“দুই বছর আগে এই প্রজাতির একটি সাপ মানুষ পিটিয়ে মেরে ফেলেছিল। তবে বর্তমানে লোকজন সচেতন হওয়ায় সাপ দেখলেই আমাদের অবহিত করে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্নেক ভেনম সেন্টারের কো-ইনভেস্টিগেশন সুপার ভাইজার মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী জানান ‘বিপন্ন প্রজাতির’ একটি সাপ এই রাজ গোখরা।
“আইইউসিএন (প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) সাপের এই প্রজাতিটিকে ‘এনডেনজারড’ হিসেবে ঘোষণা করেছে। এই সাপগুলোর ঠিকমত পরিচর্যা না করলে হয়ত আগামী ১০০ বছরের মধ্যে এরা পৃথিবী থেকে হারিয়ে যাবে।”
যেহেতু লোকালয়ে এ প্রজাতির সাপের খুবই কম দেখা মেলে তাই এর তথ্য সংগ্রহের পর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানান মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী।
পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানা প্রজাতির সাপ, হরিণ, সজারু, শেয়াল, শুকর, বন মোরগসহ বিভিন্ন প্রাণির দেখা মেলে।
