২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি দেশবিরোধী ‘ষড়যন্ত্রকারীদের আখড়া’: নাছির

দেশের উন্নয়নে বাধা দেওয়াকে ‘রাষ্ট্রদ্রাহিতার সামিল’ অভিহিত করে বিএনপিকে রাষ্ট্রবিরোধী ‘ষড়যন্ত্রকারীদের আখড়া’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 10:40 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

শুক্রবার রাতে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এমন মন্তব্য করেন।

সাবেক মেয়র আ জ ম নাছির বলেন, “সরকারের সমালোচনা ও নীতিমালার বিরুদ্ধে বিরোধী দল অবশ্যই অবস্থান নিতে পারে। কিন্তু বিদেশে লবিস্টের মাধ্যমে রাষ্ট্রের বিরোধিতা করা বা উন্নয়নকে বাধাগ্রস্থ করা দেশ ও রাষ্ট্রদ্রোহিতার সামিল।

“বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের আখড়া। তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।”

এসময় জাতীয় চার নেতা হত্যা মামলার সন্দেহভাজন মালয়েশিয়ায় গ্রেপ্তার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

নাছির বলেন, “একইভাবে বঙ্গবন্ধু ও জেল হত্যার অন্যান্য খুনি পলাতক সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতে ও তাদের রক্ষা করতে বিদেশে লবিং করে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করেন।

“যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। তার স্বামীর মতোই তিনি পাকিস্তানি ভাবাপন্ন। তার রাজনীতি অশুভ শক্তিকে ইন্ধন জোগায়। তাই খালেদা জিয়ার মুখোশ উম্মোচনে জনগণের দুয়ারে গিয়ে তার কুর্কীতি তুলে ধরতে হবে।”

অতীতে অনেক বার আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে দাবি করে নাছির বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বারবার জেগে উঠেছে। বরং ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়েছে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”

সভায় নগর কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, মাহবুবুল হক মিয়া, জোবাইরা নার্গিস খান, আবদুল আহাদ ও উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।