২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি করে পালিয়ে নোয়াখালীতে ধরা

বন্দরনগরী চট্টগ্রামের একটি দোকান থেকে টাকা চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 07:24 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাড়ি থেকে বুধবার তাকে গ্রেপ্তারের পর চুরি করা সাড়ে পাঁচ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম ছালেহ আহমদ ওরফে শাহীন (২৪)। চট্টগ্রাম নগরীর বিআরটিসি ফলমন্ডিতে শাহী এন্টারপ্রাইজ নামে একটি দোকানে তিনি চাকরি করতেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ ফেব্রুয়ারি ফলমন্ডির মো. ইমতিয়াজ নামে এক ব্যবসায়ী তার দোকান থেকে আট লাখ ২৮ হাজার টাকা চুরির অভিযোগে মামলা করেন।

“এর তদন্তে নেমেই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে বুধবার শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে দোকান থেকে ছয় লাখ ২৮ হাজার টাকা চুরির কথা স্বীকার করে এবং ঘরে রাখা সাড়ে পাঁচ লাখ টাকা পুলিশকে বের করে দেয়।”

ওসি জানান, ইমতিয়াজের পাশের দোকানটির নাই শাহী এন্টারপ্রাইজ। সেখানেই শাহীন কাজ করতেন।

“৩ ফেব্রুয়ারি ভোরে দোকান থেকে বেরিয়ে ইমতিয়াজ একটি দোকানে চা পান করেন। বিল দেওয়ার সময় পকেটে টাকা না থাকায় তিনি  নিজের দোকানে ফিরে একটি শাটার খোলার সময় আরেকটি শাটার খুলে শাহীনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।”

পরে দোকানের ক্যাশ বক্স ভাঙা এবং খালি দেখে বিষয়টি শাহী এন্টারপ্রাইজের মালিককে টেলিফোনে জানান ইমতিয়াজ। সিসি ক্যামেরার ভিডিও দেখে ব্যবসায়ীরা নিশ্চিত হন, এটা শাহীনেরই কাজ।

ওসি নেজাম উদ্দিন বলেন, শাহীন মাদকাসক্ত, পাশাপাশি প্রতিদিন জুয়া খেলার কারণে আর্থিক সঙ্কটে পড়ে।

“জুয়ার টাকা জোগাড় করতে ইমতিয়াজের দোকানের ক্যাশ বক্স চুরির টার্গেট করে সে। সেজন্য প্রতিদিন ব্যাগে স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখত।”