২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ লাখ টাকার ওষুধসহ চট্টগ্রাম মেডিকেলের দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ওষুধসহ গ্রেপ্তার করা হয়েছে, যেসব ওষুধ রোগীদের বিনামূল্যে দেওয়ার কথা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 03:57 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

গ্রেপ্তার দুজনের মধ্যে আশু চক্রবর্ত্তী (৩৫) হাসাপাতালের স্থায়ী কর্মচারী। আর মো. সৈয়দ (৬২) ‘আউট সোর্সিংয়ের’ ভিত্তিতে হাসাতালে কাজ করতেন। সোমবার হাসপাতালের পূর্ব গেইট থেকে তাদের ওষুধসহ গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান জানান।

Image
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীর কাছ থেকে উদ্ধার করা ওষুধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীর কাছ থেকে উদ্ধার করা ওষুধ

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। সেগুলোর বাজার দর এক লাখ ১০ হাজার টাকার মত। দুইজনকে জিজ্ঞাসাবাদের পর আশুর বাসা থেকে আরও দুই লাখ ৪০ হাজার টাকার ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ হাসপাতালের রোগীদের বিনামূল্যে দেওয়ার কথা।”

হাসাপাতাল থেকে বিভিন্ন সময়ে ওষুধ পাচারের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ-কমিশনার মোখলেসুর বলেন, “এসব ওষুধ হাসপাতালের আশপাশে বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এ চক্রের সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে। সেগুলো তদন্ত করে বের করা হবে।”

Image
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীর কাছ থেকে উদ্ধার করা ওষুধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীর কাছ থেকে উদ্ধার করা ওষুধ

এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মোখলেসুর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের ওষুধ চুরির ঘটনায় সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

“এ ঘটনার সাথে দুই/এক জন নয়, আরও অনেকেই জড়িত থাকতে পারে। ইতোমধ্যে আমরা নার্সদের নিয়ে বৈঠক করেছি। চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কথা বলব। যাতে করে পুরোপুরিভাবে ওষুধ পাচার বন্ধ করা যায়।”