চট্টগ্রামের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ম্যাক্সন কলকাতায় গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড নিয়ে পলাতক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরুন্নবী ম্যাক্সন ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের আলোচিত আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ‘শিবির ক্যাডার’ সাজ্জাদের সহযোগী ছিলেন ম্যাক্সন (৪০)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি পলাতক আসামি ম্যাক্সন কলকাতায় গ্রেপ্তার হয়েছে।
“তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে পুলিশ হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।”
২০১১ সালের ৪ জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গার বিল এলাকার বিশ্বরোড চৌরাস্তা থেকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল শিবির কর্মী ম্যাক্সন ও সরোয়ারকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামে গ্রেপ্তার হন অপর শিবির কর্মী মানিক।
তাদের তথ্যে ওয়াজেদিয়া এলাকার পুকুর থেকে একটি এ কে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি এলজি, দুটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড এ কে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৬ সালের ৩১ অগাস্ট ইসলামী ছাত্র শিবিরের ওই তিনজন কর্মীকে ১৪ বছর কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি বিশেষ ট্রাইবুনাল।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, পরবর্তীতে ২০১৭ সালে জামিনে বেরিয়ে কৌশলে ওমান পালিয়ে গিয়ে ফেরার হন। সেখান থেকে পরিচয় পাল্টে ম্যাক্সন পশ্চিমবঙ্গে পালিয়ে যান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ডানলপ এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ম্যাক্সনকে সেখানকার সিআইডি সদস্যরা গ্রেপ্তার করে বলে স্থানীয় গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে।
রোববার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার সংবাদে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ডানলপের নরদার্ন পার্ক এলাকার একটি বাসায় নিজেকে তমাল চৌধুরী পরিচয় দিয়ে ম্যাক্সন বসবাস করে আসছিলেন।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, ম্যাক্সন সেখানে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে।
আরও পড়ুন
