চট্টগ্রামে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন শুরু
সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন-২০২২ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
রজতজয়ন্তীতে এবার দেশবরণ্য পণ্ডিত বারীণ মজুমদারকে স্মরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সদারঙ্গের প্রতিষ্ঠাতা ও উচ্চাঙ্গ সংগীত শিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী রচিত ভূপাল টোরির সুরে ‘সব মিল গাও আইয়ে সজন’ বন্দিশটি পরিবেশনের মধ্য দিয়ে। সদারঙ্গের ৩০ জন শিক্ষার্থী এই পরিবেশনায় অংশ নেন।
অনুষ্ঠানে রজতজয়ন্তী স্মারক গ্রন্থ ‘সুরশৃঙ্গার’ উদ্বোধন করেন অতিথিরা।
প্রথমদিনের দ্বিতীয় পর্বে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শুরু হয় শিল্পী ফাল্গুনী বড়ুয়া অলির মধুবন্তী রাগ পরিবেশনের মধ্য দিয়ে। তবলায় রাজীব চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন প্রমিত বড়ুয়।
শাস্ত্রীয় সঙ্গীত পর্বে রাজশাহীর শিল্পী ড. অসীত রায় ও ফেনীর বেহালা শিল্পী শ্যামল দাশের মধ্য দিয়ে প্রথম দিনের পরিবেশনা শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অংশ নেন সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের জিএম মোছাম্মাৎ মাহফুজা আক্তার, সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সদারঙ্গের সম্পাদক রাজীব দাশ।
শুক্রবার দিনব্যাপী সম্মেলনের তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের পাশাপাশি আলোচনা পর্বও থাকবে।
১৯৯৮ সালে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়।
