নরসিংদীতে ইউপি নির্বাচনোত্তর সংঘর্ষে যুবক নিহত
ইউপি নির্বাচনের আড়াই মাসেরও বেশি সময় পর বিরোধের জেরে নরসিংদী রায়পুরা উপজেলার বাশঁগাড়ী ও মির্জাচরে দুটি পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত দশ জন।
রোববার সকালে দুর্গম চরাঞ্চল বাশঁগাড়ী ও মির্জাচর ইউনিয়নে এ সংঘর্ষ হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান।
নিহত রুবেল মিয়া (৩২) মির্জাচরের মানিক মিয়ার ছেলে। তিনি মির্জাচরের সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলামের চাচাতো ভাই।
গুলিবিদ্ধ নূরুল হক (১৯) বাঁশগাড়ী গ্রামের সাধন মিয়ার ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বাশঁগাড়ী ও মির্জাচর ইউনিয়নের মানুষ জড়িয়ে পড়ায় এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশগাড়ী ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের আশ্রাফুল হকের সঙ্গে নব-নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন রাতুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে বিভিন্ন সময় হামলা-পাল্টা-হামলা হয়; মামলা-মোকদ্দমাও হয়েছে।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আশ্রাফুল হক। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল।
গত ১১ নভেম্বর নির্বাচনের দিন সকালে সংঘর্ষে তিন জন নিহত হয়। আহত হয় শতাধিক।
এর জের ধরে রোববার সকালে আশ্রাফুল হক ও তার লোকজন বাঁশগাড়ী গ্রামে জড়ো হলে চেয়ারম্যান রাতুল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, “দুই পক্ষের সঘর্ষে একজন নিহত হওয়ার তথ্য পেয়েছি। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংহিসতা রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।“
আরও পড়ুন
