২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের যুব ইউনিয়ন নেতা উজ্জ্বল শিকদারের মৃত্যু

যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 05:49 PM

Updated : 02 Aug 2022, 02:47 PM

রোববার সকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানান সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি রিপায়ন বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নিজ কর্মস্থল দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে (ডিএসকে) বুকে ব্যথা অনুভব করেন উজ্জ্জ্বল। পরে অচেতন হয়ে পড়েন।

“সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

উজ্জ্বল শিকদারের বয়স হয়েছিল ৪২ বছর। তিনি ছয় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, বাবা-মাকে রেখে গেছেন।

দুপুরে উজ্জ্বল শিকদারের লাশ নগরীর হাজারি গলিস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, ডিএসকে’র সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উজ্জ্বলের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

পরে তাকে নিজ গ্রাম বাঁশখালী উপজেলার বৈয়লছড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে তার শেষকৃত্য হবে।

ছাত্রজীবনে উজ্জ্বল শিকদার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।