গাজীপুরে অপহৃত কিশোরী চট্টগ্রাম উদ্ধার
গাজীপুর থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসা এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব।
বন্দর নগরীর ইপিজেড এলাকা থেকে শনিবার কিশোরীকে উদ্ধার করে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. শাহ পরান (১৯), রাহাত হোসেন (২৩) ও সুমা আক্তার (২০)। র্যাব কর্মকর্তাদের ধারণা, তারা পাচারকারী চক্রের সদস্য।
র্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা ১২ বছর বয়েসী ওই কিশোরী গাজীপুর নগরীর বাসন থানা এলাকায় মা’র সঙ্গে থাকত। গত ১৩ ডিসেম্বর ওই কিশোরীকে ‘অপহরণ’ করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
তিনি জানান, এ মাসের শুরুতে গ্রেপ্তার তিনজন এবং তাদের আরও তিন সহযোগী মিলে ওই কিশোরীদের পাশে ঘর ভাড়া নিয়েছিল। তাদের সাথে একটি শিশুও ছিল। পাশাপাশি বাসা হওয়ায় ওই কিশোরী ও শিশুটি একসাথে খেলাধূলা করত।
“গত ১৩ ডিসেম্বর ওই শিশুর জন্মদিনের কথা বলে কিশোরীকে তাদের সাথে বেড়াতে বের করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।”
র্যাব কর্মকর্তা মাহফুজুর বলেন, মেয়ে এবং প্রতিবেশীরা বাসায় ফিরে না যাওয়ায় গাজীপুরের বাসন থানায় মামলা করেন অপহৃত কিশোরীর বাবা। মামলার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
চট্টগ্রামের বাসাটিও সম্প্রতি অপহরণকারীরা ভাড়া নিয়েছিল বলে জানান তিনি।
মাহফুজুর বলেন, “অপহরণকারীরা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। প্রলোভন দেখিয়ে কিশোরীদের নিয়ে আসে বিভিন্ন স্থান থেকে।”
