সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামে বড়দিনের প্রার্থনা
সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন গির্জায় বড়দিনের উৎসবে বিশ্ব শান্তি আর মহামারী থেকে মুক্তির প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মানুসারীরা।
দিনটি উপলক্ষে নগরী এবং জেলার গির্জাগুলোতে দেখা গেছে বর্ণিল সাজ। যিশু খ্রিস্টের আগমনের এ দিনে সবচেয়ে বড় আয়োজন ছিল নগরীর পাথরঘাটায় রানী জপমালা গির্জায়।
শনিবার সকাল সাড়ে ৮টায় এ গির্জায় ফাদার লেনার্ড রিবেরুর পরিচালনায় সমবেতরা বিশ্ব শান্তি ও করোনাভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করেন।
এছাড়া ভক্তিমূলক গানের মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মদিনের প্রার্থনাও করা হয়।
গির্জায় আলোকসজ্জার পাশাপাশি যিশু খ্রিস্ট ও মা মেরির প্রতিকৃতি ও ক্রিসমাস ট্রি দিয়ে গোশালা সাজানো হয়। বড়দিন উপলক্ষে নগরীতে শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।
শনিবার সন্ধ্যায় রানী জপমালা গির্জায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজনে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, “মুসলিম-খ্রিস্টান-হিন্দু-বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাঁধে-কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনি। বিজয়ের মাধ্যমে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।
“মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। আজকের দিনটির মমার্থ হলো শান্তি, সাম্য ও সম্প্রীতির চেতনাকে শানিত করে পুণ্য পবিত্র সলিলে আবগাহন করে মানব ধর্মকে জাগ্রত করা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত প্রমুখ।
আরও পড়ুন
