চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের কোভিড টিকা দেওয়া শুরু
নগরীর ট্রাক, কর্ভাড ভ্যান পরিবহন শ্রমিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।
শনিবার দুপুরে নগরীর পোর্ট কানেক্টিং রোডের বন্দর ইস্ট কলোনি সংলগ্ন তালতলা এলাকায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ কার্যক্রম উদ্বোধন করেন।
ধারাবাহিকভাবে নগরীর ১৯টি পয়েন্টে এ খাতের পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া হবে। প্রথম দিনে শনিবার এক হাজার শ্রমিক টিকা পেয়েছেন। রোব ও সোমবার ওই এলাকায় আরও মোট দুই হাজার শ্রমিককে টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিনে এক হাজার শ্রমিককে কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে। দুই মাস পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
“নগরীর ১৯টি স্টেশনের তালিকা তারা দিয়েছেন। ধারাবাহিকভাবে সব স্টেশনে টিকা কার্যক্রম পরিচালিত হবে। পর্যাপ্ত টিকা আছে। বুধবার সদরঘাটে টিকা দেওয়া শুরু হবে। সেখানে ৩৮০০ জন তালিকাভুক্ত হয়েছেন। এরকম সব স্টেশনেই তালিকাভুক্তি চলছে।”
পরিবহন শ্রমিকদের মধ্যে যাদের জাতীয়পরিচয় পত্র নেই বা থাকলেও কোনো কারণে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি তাদের নাম-ঠিকানা, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর (যদি থাকে) নির্দিষ্ট কার্ডে লিখে টিকা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।
তবে যেসব পরিবহন শ্রমিকের ভবিষ্যতে বিদেশে যাবার সম্ভাবনা আছে তাদের এ পদ্ধতি অনুসরণ না করে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিব্ন্ধন করতে বলা হয়েছে।
শনিবারের অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায় ও কারাবন্দিসহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
চট্টগ্রাম জেলা ট্রাক-কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাক ও কর্ভাডভ্যানে চট্টগ্রাম মহানগরীতে কর্মরত শ্রমিক প্রায় ২০ হাজার। তার মধ্যে ১৩ হাজার আমাদের ইউনিয়নের সদস্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ট্রাক-কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান।
সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সুমন, সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।
