২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা আহত ৪ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেনে, এদের মধ্যে দুজন হয়েছেন দগ্ধ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 04:35 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শীতলপুর উপকূলীয় এলাকায় অবস্থিত যমুনা শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন, জাহিদ হাসান, সোহেল রানা, ফিরোজ ও মিজানুর রহমান। এদের মধ্যে প্রথম দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাকি দুইজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, যমুনা শিপ ইয়ার্ডে একটি পুরনো জাহাজে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দুইজন দগ্ধ হন।

বাকি দুইজন বিস্ফোরণের পর জাহাজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন বলে জানান তিনি।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।