চট্টগ্রাম পুলিশ লাইন্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
চট্টগ্রাম জেলা, মহানগর পুলিশ ও নৌ কমান্ডের ২৬৪ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, “মুক্তিযোদ্ধাদের অনেকেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ভবিষ্যতে হয়ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দেয়ার সুযোগ আমাদের থাককে না। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে চট্টগ্রাম জেলা পুলিশ গর্বিত।”
তিনি বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব “
স্বাধীনতাবিরোধীরা ‘নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত’ বলে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন চন্দ্র সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের ও সাতকানিয়া উপজেলা কমান্ডার নুরুল আলম।
