২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতি হত্যা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে: বনমন্ত্রী

সম্প্রতি কয়েকটি হাতি হত্যা হওয়ার প্রেক্ষাপটে এই বন্যপ্রাণী রক্ষায় জোর চেষ্টার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 09:31 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

তিনি বলেছেন, “যে কোনো মূল্যেই হাতি হত্যা বন্ধ করতে হবে। হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী নিধনের যে কোনো অপচেষ্টা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।”

মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাতি-সংরক্ষণ এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বলে পরিবেশ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, “সাম্প্রতিক সময়ে বন্যহাতি হত্যার বেশ কয়েকটি জঘন্য ও নৃশংস ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অকারণে যাতে আর কোনো হাতি, বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণীর অপঘাতে মৃত্যু না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

হাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “হাতি চলাচলের প্রচলিত রাস্তা ও করিডোর পুনরুদ্ধার ও পুনঃবনায়ন করা হচ্ছে। হাতির খাবারের জন্য কলাগাছ এবং অন্যান্য তৃণ জাতীয় উদ্ভিদের চাষ করা হবে।”

বনাঞ্চলে অবৈধ বসবাসকারীদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় হাতি রক্ষায় সফল হওয়ায় আশাবাদী তিনি।

হাতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ায় এই প্রাণী হত্যা বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে হাতির আক্রমণে নিহত একজনের পরিবারকে তিন লাখ টাকা এবং ফসলের ক্ষতির জন্য অন্য দুজনকে ৪৫ হাজার টাকা দেওয়া হয়।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মো. গালিব এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।