চট্টগ্রামে পাহাড় কাটায় দম্পতিকে জরিমানা
চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় সংলগ্ন এলাকায় পাহাড় কাটায় এক দম্পতিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরল্লাহ নুরী নগরীর নুর আহম্মদ সড়ক এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মোসাম্মৎ আমিনা আক্তারকে এ জরিমানা করেন।
নুরুল ইসলাম এরাবিয়ান করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
অধিদপ্তরের মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিইসি মোড় এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ের বিপরীতে পাহাড় কাটার অভিযোগ পেয়ে শুক্রবার অধিপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, পরিদর্শনে নুরুল ইসলামের মালিকানাধীন ওই পাহাড় স্কেভেটর দিয়ে কাটার প্রমাণ মেলে। পরবর্তীতে শুনানিতে উপস্থিত হতে নোটিস দেওয়া হয়।
রোববার তাদের প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম শুনানিতে উপস্থিত হন এবং তার উপস্থিতিতেই হওয়া শুনানিতে দুইজনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
“এদিন তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি টাকা সোমবারের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়,” বলেন মাহমুদুল।
