২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে ‘পাচারের চেষ্টা’, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম থেকে ‘পাচারের উদ্দেশ্যে’ নিয়ে যাওয়া এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 03:09 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

এ ঘটনায় ঢাকার গাবতলী, ফকিরাপুল ও চট্টগ্রামের হাটহাজারি এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন।   

গ্রেপ্তার তিনজন হলেন- মো. নাঈম (২২), আসাদুজ্জামান (২৭) ও ফাতেমা বেগম (৩০)।

র‌্যাব কর্মকর্তা মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরী এক বাসায় গৃহকর্মীর কাজ করত। সেখানে এক তরুণীর মাধ্যমে নাঈমের সাথে তার পরিচয় হয়।

“নাঈমের বিয়ের প্রলোভনে গত ১৩ ডিসেম্বর ওই কিশোরী সেই বাসা থেকে বেরিয়ে যায়। একদিন হাটহাজারীতে ফাতেমার বাসায় থেকে পরদিন ঢাকায় চলে যায়।”

র‌্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, যে বাসায় মেয়েটি কাজ করত, সেখান থেকে খবর পেয়ে তার বাবা হাটহাজারী থানায় জিডি করেন।

পরে র‌্যাব তদন্তে নেমে বুধবার রাতে ঢাকার ফকিরাপুল এলাকার একটি বাস থেকে মেয়েটিকে উদ্ধার করে। তাকে নিয়ে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে নাঈম ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের তথ্যে চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে ফাতেমাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাহফুজ।  

তিনি বলেন, “ঢাকায় ওই কিশোরীকে দারুস সালাম এলাকার একটি বাসায় এক দিন আটকে রাখা হয়েছিল। আমরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিতও হয়েছিলাম। নাঈম ও আসাদুজ্জামান সেটা বুঝতে পেরে ওই কিশোরীকে বাসা থেকে ছেড়ে দিয়ে বাসে তুলে দেয়।”

গ্রেপ্তার তিনজন এবং এক তরুণীকে পলাতক দেখিয়ে মানবপাচার আইনে একটি মামলা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাহফুজ।