২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওঁৎ পেতে গাড়ির কাগজ চুরি, পরে ফোন করে টাকা দাবি

নিজের কভার্ড ভ্যানের কাগজপত্র হারিয়ে যাওয়ায় গত বছরের ১২ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন আব্দুল কুদ্দুস। ওই দিন বিকালে অচেনা এক নম্বর থেকে তাকে ফোন করে জানানো হয়, ১৫ হাজার টাকা দিলে চুরি হওয়া কাগজপত্র পৌঁছে দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

উত্তম সেনগুপ্ত,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 08:20 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

এ নিয়ে দরকষাকষির পর কুদ্দুস ৩ হাজার ২০০ টাকা পরিশোধে রাজি হন। ফোনের অপর প্রান্ত থেকে দেওয়া বিকাশ নম্বরে সে টাকা পাঠালেও কুদ্দুস ফিরে পাননি গাড়ির কাগজপত্র। পরে বাধ্য হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন তিনি।

এভাবে প্রতিদিন কুদ্দুসের মতো ১০ থেকে ১৫ জন কভার্ড ভ্যান, ট্রাক ও প্রাইম মুভার মালিকের গাড়ির কাগজপত্র চুরি হয় এবং সেগুলো ফেরৎ পেতে টাকা চেয়ে ফোন পান বলে দাবি করেছেন পণ্য পরিবহন মালিকরা। অধিকাংশ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় না গিয়ে টাকা দিয়েই কাগজ ফেরত নিচ্ছেন গাড়ির মালিকরা।

বাংলাদেশ কভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদের অভিযোগ, বিভিন্ন কন্টেইনার ডিপো ঘিরে কয়েকটি চক্র আছে। যারা ডিপোতে মালামাল উঠানামার জন্য অপেক্ষায় থাকা গাড়ির কাগজপত্র চুরি করে নেয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালামাল লোড-আনলোড করার কন্টেইনার ডিপোগুলোতে প্রতিদিন কভার্ড ভ্যানসহ মালামালবাহী গাড়ির দীর্ঘ লাইন থাকে। এসময় চালকরা অনেক সময় গাড়ি থেকে নেমে খাওয়া-দাওয়া করতে কিংবা তাদের নিত্য কর্ম সারতে যায়। এ সময়েই গাড়ির ডকুমেন্টস চুরি করে নিয়ে যায় একটি চক্র।”

এদিকে আব্দুল কুদ্দুসের মামলার তদন্ত করতে করতে গিয়ে গত ২৩ নভেম্বর উত্তর কাট্টলী এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ মো. ইয়াছিন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

তিনি গত ১০ বছরে অন্তত ৮০০ গাড়ির কাগজপত্র চুরির কথা স্বীকার করেছেন বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াছিনের সাথে আরও একজন জড়িত আছে। তারা দুজন মিলে বিভিন্ন গাড়ির কাগজপত্র চুরি করে এবং মালিককে ফোন করে টাকা আদায় করে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের পতেঙ্গা থেকে কুমিরা পর্যন্ত মোট ১৮টি কন্টেইনার ডিপো রয়েছে, যেগুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার আসা যাওয়া করে।

বাংলাদেশ কভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক শামসুজ্জামান সুমনের অভিযোগ, এই ১৮টি কন্টেইনার ডিপোতে প্রতিদিন কোনো না কোনো গাড়ির কাগজপত্র চুরি হয়।

শামসুজ্জামানে ধারণা, কন্টেইনার ডিপো ঘিরে কয়েকটি চক্রে ৪০ থেকে ৪৫ জন লোক আছে। যারা চালক হেলপারের ছদ্মবেশে গাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে দরজা কিংবা জানালা খুলে কাগজপত্র নিয়ে যায়।

শামসুজ্জামান বলেন, “এ চুরির সাথে যারা সম্পৃক্ত, তাদের গাড়ি সম্পর্কে ধারণা আছে। তারা বলতে পারে, গাড়ির কোন স্থানে এসব কাগজপত্র রাখা হয়।”

তিনি জানান, কাগজপত্র চুরির পর গাড়ির পেছনে কিংবা দরজায় থাকা মালিকের নম্বরে ফোন করে টাকা দাবি করে। দাবিমতো টাকা পেলে কাগজপত্রগুলো কোনো খোলা জায়গা কিংবা অন্য কোনো গাড়ির কাছে রেখে মালিককে জানিয়ে দেয়। আর টাকা না পেলে কাগজগুলো তারা ফেরৎ দেয় না।

পরিবহন মালিকরা জানান, ঝামেলা এড়াতে টাকা দিয়েই অধিকাংশজন কাগজপত্র ফেরত নেন। আর চক্রটি ফোন করে গাড়ির কাগজ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেই নম্বরটি বন্ধ করে ফেলে। পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরিবহন মালিকদের কথার সত্যতা পাওয়া যায় গোয়েন্দা কর্মকর্তা নোবেল চাকমার কথায়ও।

তিনি বলেন, “গাড়ির কাগজপত্র চুরির বিষয়ে আমরা মৌখিক অভিযোগ বিভিন্ন সময়ে পেয়ে থাকি। কিন্তু তার আগে মালিকরা চোরদের সাথে দফারফা করে কাগজপত্র ফিরিয়ে নেন। কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেন না।

“বিভিন্ন সময়ে মালিকরা মৌখিক অভিযোগ করলেও আমরা গত এক বছরে মামলা পেয়েছি মাত্র একটি। ওই মামলার তদন্ত করতে গিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।”

নোবেল চাকমা বলেন, ইয়াছিন গত ১১ বছরে অন্তত ৮০০ গাড়ির কাগজপত্র চুরি করলেও এসব ঘটনায় পুলিশ কোনো অভিযোগ পায়নি।

এদিকে কাগজপত্র ফেরৎ দেওয়া নিয়ে এক কভার্ড ভ্যান মালিকের সঙ্গে টেলিফোনে ইয়াছিনের এক কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে, তাতে ইয়াছিনকে চুরির কথা স্বীকার করতে শোনা যায়।

ইয়াছিন ওই গাড়ির মালিককে বলেন, বিভিন্ন স্পটে তার দলের ১০ জন করে সক্রিয় সদস্য আছে, যাদের পেছনে দৈনিক তার খরচ ৩ হাজার ৩৫০ টাকা। আর একটি গাড়ির কাগজ চুরি করলে সবাইকে ৫০০ টাকা করে আরও পাঁচ হাজার টাকা দিতে হয়। এভাবে প্রতিটি গাড়ির কাগজপত্র চুরিতে তার খরচ হয় আট হাজার ৫০০ টাকা।

ঢাকার দুটি পরিবহন সংস্থার অধীনে থাকা বেশ কিছু কভার্ড ভ্যানের কাগজপত্র চুরির পর টানা নিয়ে তা ফেরত দেওয়ার কথাও বলেছেন ইয়াছিন।

ইয়াছিন পুলিশকে জানান, তার এক সহযোগী এক সময় কভার্ড ভ্যানের চালক ছিলেন। মূলত তার পরামর্শেই তার এ পেশায় নামা।

ইয়াছিনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই শফিউল আজম জানান, “ইয়াছিনের নম্বরের কল রেকর্ড পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলার লোকদের তথ্য পাওয়া যায়। পরে যাচাই বাছাই করে দেখা গেছে, সে যাদের সাথে যোগাযোগ করেছে তারা সবাই ‘ভিকটিম’। গাড়ির কাগজ চুরি করে সে ফোন দিয়েছে।”

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, “মালিকরা চোর চক্রের সঙ্গে আপস করে ফেলায় এ ধরনের কয়টি চক্র সক্রিয় আছে, তা শনাক্ত করা যায় না। যার কারণে চোর চক্রটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।”

কোনো মালিকের গাড়ির কাগজপত্র চুরি হলে কিংবা ফোন পেলে তা পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।