২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যায় চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 06:39 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আজমল খলিফার ছেলে। মৃত্যুদণ্ডের সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করে আদালত।

জামিনে থাকা রিয়াজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকার শাহজাহান গলির বাসা থেকে রিয়াজের স্ত্রী রুমা বেগমের লাশ উদ্ধার করা হয়।

ঘটনায় অপমৃত্যুর মামলার তদন্ত করতে গিয়ে তাকে ‘শ্বাসরোধ করে হত্যার’ প্রমাণ মেলে। ঘটনার তিনমাস পর রুমার বাবা সিরাজুল হক বাদি হয়ে তার স্বামী রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় দেয় আদালত।