চট্টগ্রামে ১৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জেলা ও নগরীতে ১৩ লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) স্বাস্থ্য বিভাগ পৃথক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায়।
বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, “১১ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পর্যায়ের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
“জেলার ১৫টি উপজেলায় দু’শ ইউনিয়নের ছয়’শ ওয়ার্ড, ১৫টি স্থায়ী কেন্দ্র, ১৫টি ভ্রাম্যমান কেন্দ্র ও ৪ হাজার আট’শ অস্থায়ী কেন্দ্রে মোট ৭ লাখ ৯৫ হাজার ৭২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”
এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৯০ হাজার ১৯০ জন শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ৪ হাজার ৮৮২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হবে।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, চলতি বছরের ৫-১৯ জুন অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী মোট ৮৮ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল, যার লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ এবং ১২-৫৯ মাস বয়সী মোট ৬ লাখ ৯৮ হাজার ৮২৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল, যা লক্ষ্যামাত্রার ৯৮.৩৫ শতাংশ।
এরআগে সকালে সিসিসি জেনারেল হাসপাতালে পৃথক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ১১ ডিসেম্বর শনিবার সদরঘাট মেমন হাসপাতালে বেলা ১১ টায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৫২ হাজার শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসল খাওয়ানো হবে।
ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে।
