চট্টগ্রামে এএসআই ইদ্রিস হত্যায় ‘মলম পার্টির’ সদস্যের যাবজ্জীবন দণ্ড
দেড় দশক আগে চট্টগ্রাম নগরীতে পুলিশের এএসআই ইদ্রিস মিয়ার খুনের ঘটনায় ‘মলম পার্টির’ এক সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এই মামলার রায় ঘোষণা করেন।
পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
অভিযুক্ত অপর ছয় আসামি দোষী সাব্যস্ত না হওয়ায় বিচারক তাদের খালাসের রায় দেন বলে অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী জানান।
দণ্ডিত জাকির হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার সময় বিচারক তদন্তে ‘গাফলতির’ জন্য পুলিশকে ‘ভৎসনা’ করেন। পূর্ণাঙ্গ রায়ে আদালত এ বিষয়ে ‘পর্যবেক্ষণ’ দেবে।
২০০৬ সালের ২৮ ডিসেম্বর নগরীর চান্দগাঁও এলাকার বিসিক শিল্প নগরীতে বার্জার পেইন্টের কারখানার সীমানা দেয়ালঘেঁষে পরে থাকা পুলিশের এএসআই মো. ইদ্রিস মিয়ার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই পেয়ার আহমেদ বাদি হয়ে মামলা করেন।
তদন্তে বের হয়, ২০০৬ সালের ২৭ ডিসেম্বর নোয়াখালী পুলিশে কর্মরত ইদ্রিস চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার সময় ‘মলম পার্টির’ সদস্যরা তাকে ছুরিকাঘাতে খুন করে সড়কের পাশে ফেলে রেখে যায়।
দণ্ডিত জাকির হোসেন ছিলেন ওই অটোরিকশার চালক। আদালতে জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে দেওয়া অভিযোগপত্রে ঘটনার আগে থেকে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা শাহীন রেজা নামের মলম পার্টির এক সদস্যকে আসামি করা হয়। এমনকি তার কাছ থেকে স্বীকারোক্তিও নেওয়া হয়।
“পরে মামলাটি আদালতের নির্দেশে অধিকতর তদন্তে যায়। সম্পূরক অভিযোগপত্রে শাহীন রেজাকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।”
অতিরিক্ত পিপি নোমান বলেন, আগে থেকে কারাগারে থাকা একজনকে শুরুতে আসামি করা হয়। পরে তাকে সম্পূরক অভিযোগপত্রে বাদ দেওয়া হয়।
“এ ধরণের গাফিলতি মেনে নেয়া যায় না- পর্যবেক্ষণে এ কথাগুলো বলেছেন; আদালত তদন্তে গাফিলতির জন্য ভর্ৎসনা করেছেন।”
২০১২ সালে এ মামলায় দেয়া সম্পূরক অভিযোগপত্রে ৩৮ জনকে সাক্ষী করা হয়। এরমধ্যে ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন।
