২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া নিয়ে ঝগড়া, যাত্রীকে ফেলে দেওয়ার পর বাসচালক-সহকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে এক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 12:35 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

ডিজেলের দামের পর বাসে ভাড়া যে হারে বাড়ানো হয়েছে, তার চেয়ে বাড়তি নেওয়ায় প্রতিদিনই যাত্রী-পরিবহনকর্মী ঝগড়া চলছে।

তার মধ্যেই চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড়ে শুক্রবার রাতে যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন।

বাস থেকে ফেলে দেওয়া যাত্রী আব্দুল হামিদ (৫১) এনায়েত বাজার বয়লার কলোনির বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক বাসচালকের নাম মো. হাসান (২৯) ও সহকারী মো. আশরাফ (১৮)।

ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার আব্দুল হামিদ বহদ্দারহাট থেকে টাইগারপাস যাওয়ার জন্য ১০ নম্বর রুটের একটি বাসে উঠেছিলেন। তিনি পাঁচ টাকা ভাড়া দেওয়ায় কনডাক্টর আট টাকা দাবি করে। এ নিয়ে বিতণ্ডার জেরে হামিদকে মারধর করে ইস্পাহানি মোড়ে বাস থেকে ফেলে দেওয়া হয়।”

এদিকে বাসে থাকা অন্য যাত্রীরা বাসটি আটকে রাখলে টাইগার পাস মোড় থেকে পুলিশ গিয়ে চালকসহ বাসটি আটক করলেও সহকারী পালিয়ে যায়।

কিছু সময় পরে পুলিশ টাইগার পাস থেকে সহকারী আশরাফকেও গ্রেপ্তার করে বলে জানান ওসি নেজাম।