২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ১৫ মাস পর পরিচয় শনাক্ত, স্বামী-সতীন গ্রেপ্তার

চট্টগ্রামের এক বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ মাস পর তার পরিচয় শনাক্ত করে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী ও সতীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 07:18 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

খুন হওয়া ওই নারীর নাম লাকী আক্তার ওরফে পিংকী, বয়স ২৫ বছর। গত বছর ২১ জুলাই হালিশহর থানার রহমানবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

পরিচয় জানার পর তার স্বামী সোহাইল আহমেদকে (৩৮) সোমবার বাগেরহাটের মোংলা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। সোহাইলের তৃতীয় স্ত্রী নাহিদা আক্তারকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সোহাইল ধূর্ত প্রকৃতির লোক। লাকী ছিলেন তার চতুর্থ স্ত্রী। গত বছর জানুয়ারি মাসে তারা বিয়ে করেন। ‘রেজাউল করিম’ নাম ব্যবহার করে রহমানবাগের ওই বাসাটি তিনি ভাড়া নিয়েছিলেন।”

গত বছর ২১ জুলাই ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির কেয়ারটেকার পুলিশে খবর দেয়। পরে রান্নাঘরে বিছানার চাদর মোড়ানো অবস্থায় লাকীর মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় হালিশহর থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে।

আব্দুল ওয়ারিশ বলেন, সোহাইল বাসাটি ভাড়া নেওয়ার সময় রেজাউল করিম নামে জাতীয় পরিচয়পত্রের অস্পষ্ট একটি ফটোকপি জমা দিয়েছিলেন।

“তদন্তে জানা যায়, ওই ব্যক্তির আসল নাম সোহাইল। তার ছবি সংগ্রহের পর বাসার কেয়ারটেকারকে দেখালে সে তাকে লাকীর স্বামী হিসেবে শনাক্ত করে।”

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকীকে বিভিন্ন কারণে ‘সন্দেহ করতেন’ সোহাইল।

“লাশ উদ্ধারের চার দিন আগে ১৬ জুলাই সন্ধ্যায় তার তৃতীয় স্ত্রী নাহিদা রহমানবাগের বাসায় যান। ওই দিন লাকীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সোহাইল তাকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে যায়।

“পরে লাকীর পড়নের কাপড় দিয়ে শ্বাসরোধে হত্যা করে বিছানার চাদর মুড়িয়ে লাশ রান্না ঘরে রেখে পালিয়ে যান সোহাইল। সে সময় সব দেখেও চুপ ছিলেন নাহিদা।”

পুলিশ জানায়, লাকীর আগে সোহাইল আরও তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দ্বিতীয় স্ত্রীকে বাগেরহাটে এবং তৃতীয় স্ত্রী নাহিদাকে নগরীর পতেঙ্গা এলাকায় বাসা ভাড়া করে রেখেছিলেন।

আল মামুন বলেন, লাকী, নাহিদা ও সোহাইল চট্টগ্রামে একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিচিত হয়েছিলেন। ২০১৬ সালে নাহিদাকে এবং ২০২০ সালে লাকীকে বিয়ে করেন সোহাইল।

লাকীকে হত্যার পর সোহাইল নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরে পালিয়ে ছিলেন। পরে বাগেরহাটের মোংলা থানার মিঠাখালীতে দ্বিতীয় স্ত্রী নাসিমার বাসায় থাকছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক মামুন।