ফোন ছিনতাই: মামলা করে ব্যবসায়ীদের ‘রোষের মুখে’ নারী কাউন্সিলর
একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী কাউন্সিলরের পদত্যাগের দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীদের একটি দল।
প্রায় এক মাস আগের ঘটনার মামলায় যাকে আসামি করা হয়েছে, তার পক্ষ নিয়েছে তামাকুমন্ডী লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি। ‘মিথ্যা মামলায়’ ব্যবসায়ীকে আসামি করা হয়েছে অভিযোগ করে কাউন্সিলের পদত্যাগ চেয়েছেন তারা।
বিষয়টি নিয়ে থানার ওসির সঙ্গেও তৈরি হয়েছে মুখোমুখি অবস্থান। সোমবার কাউন্সিলর ও তার স্বামী সংবাদ সম্মেলন করে নিজেদের ও পরিবারের ‘নিরাপত্তা’ নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংরক্ষিত-০৭ (ওয়ার্ড ১৬, ২০ ও ৩২) এর নারী কাউন্সিলর রুমকী সেনগুপ্ত। তার স্বামী প্রেমাংশু সেনগুপ্ত হলেন সদ্য প্রয়াত নগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পদক তপতী সেনগুপ্তর ছেলে।
সংবাদ সম্মেলনে প্রেমাংশু সেনগুপ্ত বলেন, ৬ অক্টোবর দুপুরে আলকরণের মুখ থেকে হেঁটে সদরঘাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় দু-তিনজন অপরিচিত লোক তার পিছু নেয়। ২০-৩০ ফুট যাওয়ার পর পেছন থেকে ধাক্কা দিয়ে অভিনব কায়দায় তার আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের ফোনটি ছিনিয়ে নেয়।
ঘটনার দিন কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ওসি নেজাম উদ্দিনের তা গ্রহণ না করে দুর্ব্যবহার করেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।
তিনি বলেন, “এটা তো প্যানেল মেয়রের গিফট দেয়া মোবাইল। হারিয়ে গেছে তো কি হয়েছে, আরেকজন আরেকটা গিফট দিবে। ২২ অক্টোবর আবার থানার ওসিকে ফোন করি। সে পর্যন্ত ওসি মোবাইল উদ্ধারে কোনো ব্যবস্থা নেননি।”
গায়ে ধাক্কা দেওয়া তিনজনের মধ্যে একজন লোহাগাড়ার চুনতি উপজেলার আশরাফ মিয়ার ছেলে আব্বাস উদ্দিন বলে অভিযোগ করেন প্রেমাংশু।
“রিয়াজুদ্দিন বাজারে মোবাইল মার্কেটে তার ভাড়ার দোকান আছে।”
আব্বাসের নামে নগরীর বিভিন্ন থানায় মোবাইল চুরির একাধিক মামলা আছে দাবি করে রুমকি সেনগুপ্ত বলেন, তার বিষয়ে বিষয়ে ২৬ অক্টোবর ওসি নেজামকে ফোন করলে তিনি নিজ দায়িত্বে তাকে ফোন উদ্ধার করতে বলেন।
“পরে খবর নিয়ে জানতে পারলাম আব্বাস উদ্দিন ওসি সাহেবের চাচাত ভাই এবং আব্বাস উদ্দিনের যে মার্কেটে দোকান আছে সেখানে ওসি দুটি দোকানের মালিক।”
এবিষয়ে নগর পুলিশের কমিশনারকে ২ নভেম্বর লিখিত অভিযোগ দেন বলে জানান রুমকি সেনগুপ্ত। পরে ৩ নভেম্বর তার স্বামী থানায় গেলে তার মামলা নেওয়া হয়।
তামাকুমন্ডী লেনের ব্যবসায়ীদের একটি অংশ ৭ নভেম্বর মানববন্ধন করে তার পদত্যাগের দাবি জানান বলে রুমকি জানান।
তিনি বলেন, “আসামিকে ধরা হচ্ছে না। উল্টো আসামির পক্ষ নিয়ে মানববন্ধন থেকে একজন জনপ্রতিনিধির পদত্যাগ দাবি করা হচ্ছে। আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।
“আমি এখন নিজের ও পরিবারের নিরাপত্তার অভাব বোধ করছি। প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাই।”
ঘটনার দিনই অভিযোগ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মো নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ অক্টোবর অভিযোগ তারা গ্রহণ করেছেন। তবে তা ছিল অসম্পূর্ণ।
“এক মাস পরে এসে তারা আবার মামলা করেছেন। সেই মামলাও আমরা নিয়েছি।”
তার বিরুদ্ধে কাউন্সিলরের অভিযোগ নিয়ে তিনি বলেন, অভিযোগ সত্য না মিথ্যা সে বিষয়টি তদন্তে উঠে আসবে। এর আগে কিছু বলার সুযোগ নেই।
তবে আসামির সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই দাবি করে ওসি নেজাম বলেন, “যদি প্রমাণ করতে পারে তাহলে চাকরি ছেড়ে দেব।”
ব্যবসায়ীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বলে জানান তামাকুমন্ডী লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত মাসে হারানো মোবাইলের জন্য ২৭ দিন পর মাত্র একজনের নাম উল্লেখ করে মামলা ষড়যন্ত্রমূলক। যার নামে মামলা হয়েছে, তিনি ওসির দূর সম্পর্কের আত্মীয়ও না।
“আজকে একজনের বিরুদ্ধে মামলা দিয়েছে কাল তো যে কারো বিরুদ্ধে দিতে পারে। মামলার তো নূন্যতম ভিত্তি থাকতে হবে। তাই কাউন্সিলরের পদত্যাগ দাবি করেছি।”
