রাউজানে একে-৪৭ উদ্ধার, নগরীতে খুন
চট্টগ্রামের রাউজান থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র্যাব। এদিকে নগরীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।
রাউজানের রবার বাগান এলাকা থেকে রোববার রাতে একে-৪৭ রাইফেল ছাড়াও একটি এলজি ও আট রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব-৭।
গ্রেপ্তার যুবকের নাম সৈয়দ হোসেন ওরফে ফারুক (৩০)। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চারাবটতল এলাকায়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফারুক অস্ত্র বেচা-কেনাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘অরাজকতা’ সৃষ্টির লক্ষ্যে সে অস্ত্র মজুদ করেছিল।”
ফারুকের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
খুলশী থানাধীন আমবাগান শহীদ মিনার সংলগ্ন মাঠে সোমবার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ওসি মো. শাহীনুজ্জামান।
নিহত যুবকের নাম মো. হানিফ (২০)। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই মো. অনিক (২৩)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শাহিনুজ্জামান জানান, পূর্ব বিরোধের জেরে এক পক্ষ মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাত করে দুজনকে। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হানিফের বন্ধু পরিচয় দেওয়া ইয়াসিন হোসেন মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফের সঙ্গে তার প্রতিবেশী আমির হোসেন নামে এক ব্যক্তির বেলা চারটার দিকে কথাকাটাকাটি হয়। সেটা দেখে আমিরের তিন ছেলে শামীম, সোহাগ ও হাসান এগিয়ে আসে। এক পর্যায়ে হানিফকে তার বড় ভাই জয়নাল সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
“এক পর্যায়ে তার মেঝ ভাই অনিক এসে আমির ও তার ছেলেদের সাথে বিতণ্ডায় জড়ালে হানিফ পুনরায় সেখানে আসলে আমিরের সাথে তার হাতাহাতি শুরু হয়। এসময় আমিরের ছেলে শামীম ছুরি দিয়ে হানিফের বুকে এবং অনিকের উরুতে আঘাত করে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফিরোজ আখন্দ জানান, বেলা পাঁচটার দিকে দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। অনিককে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে প্রতিবেশী আমির হোসেনের সাথে হানিফের ঝগড়া হয় বলে জানিয়েছেন হানিফের আরেক বন্ধু মামুন।
হানিফের বাবা মো. আলাউদ্দিন চমেক হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পাঁচ ছেলের মধ্যে হানিফ তৃতীয়। আর অনিক দ্বিতীয় সন্তান। এক মাস আগে অনিকের যমজ সন্তান হয়েছে।
প্রতিবেশী আমির হোসেনের সঙ্গে ছেলের ঝগড়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
