২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফ্লাইওভারের সেই র‌্যাম্প খুললো

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারের সেই র‌্যাম্প মেরামতের পর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 08:29 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

রোববার বিকালে ‘ফাটল’ বির্তকে আলোচনায় আসা র‌্যাম্পটি খুলে দেওয়ার আগে সেখানে ‘হাইট ব্যারিয়ার’ বসানো হয়েছে, যাতে ভারি যানবাহন চলাচল করতে না পারে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে র‌্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ মতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেরামতের কাজ শেষ করেছে। দু-তিন মাস পরপর আমরা পরিদর্শন করব।”

পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ১২ দিন আগে ২৫ অক্টোবর ওই র‌্যাম্পে গাড়ি চলাচল বন্ধ করা হয়।

তদন্ত কমিটি ‘হাই স্ট্রেংথ থিন কনক্রিট’ দিয়ে ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারের দৃশ্যমান ফাঁকা অংশ বন্ধ করে দিতে সুপারিশ করেছিল।

এর আগে গত ৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় সিসিসি গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটি।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

এর দুই সদস্য ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইন্সটিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রহমান ভুঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান।  

তদন্ত কমিটি জানিয়েছিল পিলারে ‘ফাটল নেই’। প্রতিবেদনে তারা তিনটি সুপারিশ করেছিল। 

সেগুলো হলো- ফ্লাইওভারের মূল কাঠামো ও র‌্যাম্পের কনস্ট্রাকশন জয়েন্ট হাই স্ট্রেংথ থিন কনক্রিট দিয়ে সিল করে দেয়া, ভারি যানবাহন যেন চলাচল না করে তা নিশ্চিত করা এবং নিয়মিত মনিটর করা।

এম এ মান্নান ফ্লাইওভারটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণ করে। ২০১৯ সালের ডিসেম্বরে হস্তান্তরের পর থেকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিসিসি’র।

র‌্যাম্পের এ ‘ফাটল’ নিয়ে উভয় সংস্থা একে অপরকে দোষারোপও করে।

বন্দরনগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ১০৬ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩৩ কিলোমিটার ফ্লাইওভারটি ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এর নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে।

পরে স্থানীয়দের দাবিতে এ ফ্ল্যাইওভারে র‌্যাম্পটি নির্মাণ করা হয়, যা ২০১৭ সালের ডিসেম্বরে চালু করা হয়।

আরও পড়ুন

এম এ মান্নান ফ্লাইওভারের ‘ফাটল নেই’, তিন ‍সুপারিশ  

ফ্লাইওভারের পিলারে ফাটল: ‘ভয়ের কিছু’ দেখছে না তদন্ত কমিটি  

ফ্লাইওভারের পিলারে ফাটল: ‘নিরপেক্ষ’ তদন্ত দল করছে সিসিসি  

ফ্লাইওভারে ফাটল: নির্মাণে ‘ত্রুটি’ দেখছে সিসিসি  

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল ধরেনি, দাবি ঠিকাদার ও নকশাকারী প্রতিষ্ঠানের  

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল