২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার বিচার দাবি চট্টগ্রাম ওয়ার্কার্স পার্টির

সংবিধানে প্রদত্ত সকল নাগরিকের ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2021, 07:02 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

শনিবার বিকেলে নগরীর চেরাগী চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশের থেকে এ দাবি তোলা হয়।

পূজামণ্ডপ-মন্দিরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, “এ যাবত যত ঘটনা ঘটেছে তার শ্বেতপত্র প্রকাশ করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করে সব ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে।

“বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যেন জীবন নির্বাহ করতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। দ্রব্যমূল্য কমিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে হবে।”

সমাবেশে জেলা কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী বলেন, “দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তানের কবলে ফেলে দেয়া হয়েছিল। মুসলমান হয়ে তারা মুসলমানদের উপর যে নির্যাতন চালায়, তার বিরুদ্ধে জাতি গর্জে উঠেছিল।

“আজ জাতির পিতার কন্যার শাসনামলে সাম্প্রদায়িক কারণে মানুষের ওপর হামলা হচ্ছে। মানুষ তার ধর্ম পালন করতে পারছে না। ভাবতে হবে, যদি আজ আমার হিন্দুর ঘরে জন্ম হত তাহলে আমাদের পরিস্থিতি কী হত? এ দেশ থেকে জঙ্গীগোষ্ঠিকে সমূলে উৎখাত করতে হবে। সব ধর্মের মানুষ মিলেমিশে যেন এদেশে বসবাস করতে পারে।”

প্রবীণ শ্রমিক নেতা আবদুল খালেক বলেন, “এদেশের শ্রমিক শ্রেণি চায় সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস পেত না। প্রকৃত দোষীদের শাস্তি দিন।

“মানুষ চরম দূরাবস্থায় আছে। করোনার চেয়েও খারাপ পরিস্থিতি। নিত্য পণ্যের দাম সীমার বাইরে। গণপরিবহন বন্ধ। পাটকলগুলো একযোগে বন্ধ হলো। শ্রমিকরা নিজেদের ন্যায্য আজো পায়নি। বাজারে আগুন। যে আগুনে জ্বলছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। মেহনতি মানুষের জীবিকার ও সব সম্প্রদায়ের মানুষের সামাজিক নিরাপত্তা চাই।”

সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মনসুর মাসুদ বলেন, “হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়। কদিন আগেও দুর্গোৎসবে হামলা হলো।

“সরকার সাথে সাথে বলল এসব বিএনপি জামাতের কাজ। তাহলে প্রশ্ন করতে চাই, বিএনপি জামাত যদি করে তাহলে সরকার ব্যবস্থা নিল না কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বাড়ছে। সরকার কোনো দায়িত্ব না নিয়ে নীরবে বসে আছে। আপনারা ব্যবস্থা নিন।”

সমাবেশ থেকে যেসব দাবি জানানো হয় সেগুলো হলো- সংবিধানে প্রদত্ত সব ধর্মের অনুসারীদের ধর্ম চর্চার অধিকার নিশ্চিত করা, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা, সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করা এবং এ যাবত সংগঠিত সকল সাম্প্রদায়িক হামলার শ্বেতপত্র প্রকাশ।

সমাবেশে বক্তব্য রাখেন যুব মৈত্রী চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া এবং ছাত্র মৈত্রীর জেলা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোক্তার আহমেদ, জেলা কমিটির সদস্য শামসুল আলম, সুপায়ন বড়ুয়া, আবু সৈয়দ বলাই, অধ্যাপক শিবু কান্তি দাশ প্রমুখ।

সমাবেশ শেষে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে একটি মিছিল ডিসি হিল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।