নারীর ক্ষমতায়ন হলে জনগণের ক্ষমতায়নও হবে: হাছান মাহমুদ
নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী।
“তাই জনগণের ক্ষমতায়ন যদি করতে হয় নারীর ক্ষমতায়ন প্রয়োজন। সেজন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন।”
নারীদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্য কোন সরকার এই কাজ করেনি দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে আরো নেত্রী আছে, তারা নারী উন্নয়নের জন্য কিছুই করেনি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোন কাজ করেনি। উনারা শুধু নিজের উন্নয়নের জন্য করেছে।”
হাছান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে নারী সউন্নয়ন হয়েছে এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ ভাবেনি একজন মহিলা ডিসি-এসপি হবেন।
“কিন্তু আজকে বাংলাদেশের অনেক ইউএনও হচ্ছে নারী, অনেক জেলার ডিসিও নারী। এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর যে ক্ষমতায়ন হয়েছে এটি অভাবনীয়।”
গ্রামে গঞ্জে সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এক তৃতীয়াংশ নারী সদস্য নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা করেছেন। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু পিতার নাম লেখা হতো, এখন মায়ের নামও লেখা হয়।
“বাংলাদেশের নারীরা কখনো দাবি দেননি স্বামী পরিত্যক্ত ভাতা দেয়ার জন্য। কিন্তু তিনি স্বামী পরিত্যক্ত ভাতা চালু করেছেন। ইউরোপেও স্বামী পরিত্যক্ত ভাতা নাই। মাতৃত্বকালীন ভাতাসহ নারী উন্নয়নে যেসব ভাতা চালু করেছেন তা পৃথিবীর জন্য উদাহরণ।”
এদেশের নারী সমাজ যাতে ভোট আসলে নৌকা প্রতীক ভুলে না যায় সেজন্য গ্রামেগঞ্জে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পলাশী মুৎসুদ্দির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফার আকতারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাংসদ ওয়াসিকা আয়েশা খান।
উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ এবং প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক বাসন্তি প্রভা পালিত।# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম
