চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কাউন্সিলরের বাবা নিহত
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরের বাবা।
নিহত শামসুল আলম (৬৮) লালখান বাজার টাংকির পাহাড় এলাকার বাসিন্দা। তিনি লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের বাবা।
শামসুল মোটর সাইকেলে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শের শাহ গোলচত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শামসুল আলমের মৃত্যু হয়। ট্রাকটির চালক মো. শাহীনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর বেলালের বাবা শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
