২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবিতে হাসপাতাল নয়, দাবি নিয়ে রেলমন্ত্রীর কাছে নাগরিক সমাজ

ঢাকায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে দেখা করে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রামের নাগরিক সমাজের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 07:31 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

সোমবার দুপুরে রেলভবনে মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় বলে নাগরিক সমাজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল মন্ত্রীকে বলেন, ২০০৯ সালের গেজেট অনুযায়ী সিআরবি হেরিটেজ জোন। আইনত নিষিদ্ধ কোনো বাণিজ্যিক স্থাপনা হতে পারে না।

“এটি চট্টগ্রামের ফুসফুস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। চাকসু জিএস শহীদ আবদুর রব, শহীদ মনোয়ার, শহীদ শেখ নজিরসহ ৯ শহীদের কবর এই সিআরবিতে। এখানে কোনো স্থাপনা হলে শহীদের কবর ধ্বংস হবে।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম বলেন, “আমরা হাসপাতালের বিপক্ষে নই, হাসপাতাল চাই। তবে সিআরবিতে নয়।”

রেলমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ নকশায় অনুমোদন না দিলে সেখানে হাসপাতাল হবে না।

“অন্যান্য সংস্থার অনুমোদনের আইনি বাধ্যবাধকতা থাকলেও সেখানে কোনো কিছু করা সম্ভব না। সবচেয়ে বড় কথা চট্টগ্রামবাসী না চাইলে সেখানে হাসপাতাল প্রকল্প হবে না।”

রেলমন্ত্রী সুজন বলেন, “সিআরবিতে হাসপাতাল প্রকল্প রেল মন্ত্রণালয় গ্রহণ করেনি। এটি প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি অথরিটির প্রকল্প। বিনিয়োগও বেসরকারি। সুতরাং রেল মন্ত্রণালয়ের এখানে করার কিছু নেই।

“নাগরিক সমাজের দেওয়া যাবতীয় তথ্য উপাত্ত আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো, তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”

নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাজান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, নাগরিক সমাজ-চট্টগ্রাম'র যুগ্ম সদস্য সচিব ও বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও প্রণব চৌধুরী, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম ও অনির্বাণ দত্ত  সেখানে ছিলেন।