‘স্বর্ণ ছিনতাইয়ে সহায়তা না করায়’ চট্টগ্রামে গাড়িচালককে হত্যা
বিমানবন্দরে আসা যাত্রীদের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের উদ্দেশ্যে তথ্য দিয়ে সহযোগিতা না করায় চট্টগ্রামে এক প্রাইভেটকার চালককে হত্যা করেছে একটি চক্র।
বাঁশখালী থেকে চালক শাহ আলমের বস্তাবন্দি লাশ উদ্ধারের পর শনিবার গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য দিয়েছে।
এরা হলে- চট্টগ্রামের কর্ণফুলী এলাকার রড বিক্রেতা শহিদুল ইসলাম কায়সার (৩৬) ও নুরুল আমিন রনি (৩০)।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান জানান, এরা তিন জনই আগ্রাবাদ বেপারি পাড়া এলাকার বাসিন্দা। শাহ আলম বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করতেন। এসব যাত্রীদের মধ্যে যারা বিদেশ থেকে স্বর্ণ আনতেন, তাদের বিষয়ে তিনি ওই দুজনের সঙ্গে গল্প করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে তিনি বলেন, ‘ছিনতাইয়ের উদ্দেশ্যে’ ওই যাত্রীদের তথ্য পাওয়ার জন্য তারা শাহ আলমকে চাপ দিচ্ছিলেন। ‘তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে’ তারা তাকে হত্যা করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাঁশখালীর পুকুরিয়ার পুরাতনঘাট জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে শুক্রবার বস্তাবন্দি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে শাহ আলম (৫০) হিসেবে শনাক্ত করা হয়।
পিবিআই পুলিশ সুপার জানান, ২৬ অক্টোবর শাহ আলম বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও শাহ আলমের প্রাইভেটকারটির গতিবিধি বিশ্লেষণ করে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে নুরুল আমিন রনিকে গ্রেপ্তার করা হয়।
“শাহ আলমকে কর্ণফুলীর আহসানিয়া পাড়ায় শহিদুলের দোকানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নেশাজাতীয় ওষুধ খাইয়ে তাকে অচেতন করে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়।”
ওই দোকান থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা বস্তা, নেশাজাতীয় উপাদান, মৃত ব্যক্তির স্যান্ডেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাঁশখালী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।
