২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলারে ‘সিলিন্ডার’ বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ, আশঙ্কাজনক ৫

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 01:27 AM

Updated : 07 Apr 2022, 11:49 PM

এদের মধ্যে নয় জনকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান।

তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাতে সমুদ্রে মাছ ধরা শেষে আনসার হোসেনের মালিকাধীন ট্রলারটি তীরে ফিরছিল। ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক ‘গ্যাস সিলিন্ডারে’ বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারে আগুন লেগে যায়।

"গ্যাস সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে আসলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলের গায়ে আগুন ধরে যায়।

“পরে তারা আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দেন।“

ওসি বলেন, "এসময় ঘটনাস্থলের পাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

“চিকিৎসকরা জানিয়েছেন, চমেকে পাঠানোদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।“

ওই পুলিশ কর্মকর্তা জানান, সাগরে থাকা জেলেদের উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আগুনে ট্রলারটির বেশির ভাগ অংশই পুড়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।