চট্টগ্রাম বিআরটিএতে র্যাবের অভিযান, ২১ ‘দালালকে’ সাজা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে র্যাব, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলে।
অভিযানে ২১ জনকে বিভিন্ন পরিমাণে আর্থিক জরিমানা এবং একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ।
র্যাব-৭ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, সারা দেশে তাদের একযোগে অভিযানের অংশ হিসেবে সকাল থেকে বিআরটিএতে তাদের এই অভিযান চলে।
“তারা দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স-টোকেন ও ফিটনেস সার্কিফিকেটসহ নানা কাজে সেবাপ্রত্যাশী লোকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করছিল। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, প্রথমে ৩১ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত একজনকে তিনদিনের জেল এবং বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেয়।
২১ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলেও জানান তিনি।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশও অভিযানে উপস্থিত ছিলেন।
র্যাব এর আগেও বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়েছিল।
