২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার আহ্বান নওফেলের

পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2021, 08:05 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব এবং তিনি গামেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট। তিনি এই শিল্পে কর্মরত শ্রমিকদের আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

“প্রধানমন্ত্রী করোনাকালে জীবন-জীবিকার চাকাকে সচল রাখতে গার্মেন্টস শিল্পখাতে বড় অংকের প্রনোদনা দিয়েছেন বলে এই শিল্প ঘুরে দাঁড়তে পেরেছে। এ কারণে অনেক উন্নত দেশের অর্থনীতি পঙ্গু হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি।”

পোশাক শিল্পের মালিকদের উদ্দেশ্যে চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল বলেন, “শ্রমিকদের রক্ত ঘামে আপনারা দামি গাড়ি ও বাড়ির মালিক হয়েছেন। আপনাদের অর্থবিত্তের পাহাড় হওয়ার পরও শ্রমিকদের ন্যায্য পওনা যদি দেওয়া না হয়, তাহলে তার পরিণতি শুভ হবে না।”

শ্রমিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা পকেট ভর্তির জন্য শ্রমিক রাজনীতি করবেন না। যদি তা করেন তাহলে আপনারা মুনাফেক। কোন মুনাফেককে সৃষ্টিকর্তা ক্ষমা করবেন না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “অতিমারীকালে গার্মেন্টস শ্রমিকরা ঝুঁকি নিয়েছিলেন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রপ্তানি নির্ভর এই শিল্পের চাকা সচল রেখেছেন। এই মহতি অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পের শ্রমিক ও মালিদের প্রনোদনা প্রদান করেছিলেন বলে।”

চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদের সভাপতি শেখ আবদুল মান্নানের সভাপতিত্বে ও ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা এবং নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান, মাহফুজুর রহমান খান, রফিকুল আলম সাচ্চু, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, দীলিপ কুমার নাথ প্রমুখ।