শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান বাবুনগরীর
করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি না হলেও সব মাদ্রাসা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী।
জুনাইদ বাবুনগরী।
মহামারী নিয়ন্ত্রণের লকডাউন সরকার তুলে নিলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে তা খোলা হবে না।
গণপরিবহন চালু, অফিস-আদালত, বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে ‘বাস্তবসম্মত’ বলে মন্তব্য করে বাবুনগরী বলেন, “শিক্ষার ধারাবাহিকতা থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে দেশের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা আজ দিশেহারা। বই-পুস্তকের সাথে কোমলমতি ছোট শিক্ষার্থীদের যেমন ব্যাপক ফারাক তৈরি হয়েছে, তেমনি কিশোর বয়সের শিক্ষার্থীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
“যে সময়টা তারা বই-পুস্তক ও নৈতিকতার অনুশীলনে ব্যয় করত, সেটা তারা পার করছে মোবাইল-ইন্টারনেটের ক্ষতিকর ব্যবহার অথবা বন্ধু-বান্ধবের সাথে অহেতুক আড্ডা দিয়ে। পাশাপাশি নানা ধরনের কিশোর অপরাধ আশংকাজনক হারে বেড়ে চলেছে। অভিভাবকরা সন্তানদের বিপথগামিতা ও ভবিষ্যত ভেবে গভীর উৎকণ্ঠায় ভুগছেন।”
তিনি বলেন, “এ পরিস্থিতিতে দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সাথে সরকারের প্রতি আমরাও জোর আহবান জানাই ছুটি আর দীর্ঘায়িত না করে অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।”
সব কিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা থাকে না, বলেন বাবুনগরী।
সরকার গত বছরের অগাস্ট থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত কওমি মাদ্রাসাগুলোর শিক্ষাকার্যক্রম চালুর অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে হেফাজত আমির বলেন, এই আট মাসে কোনো মাদ্রাসায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নজির ছিল না।
“কওমি মাদ্রাসাসমূহের এই ইতিবাচক অভিজ্ঞতার আলোকে শুধু মাদ্রাসা নয়, বরং কোনো শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রাখা বাস্তবসম্মত নয়।”
